প্রথমবারের মত পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি বা ‘ফাইভ জি’ প্রযুক্তির বিভিন্ন দিক প্রদর্শন করা হবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা। জেডটিই, হুয়াওয়ে, নকিয় ও এরিকসন তাদের ফাইভ জি প্রযুক্তি প্রদর্শন করবে মেলায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবা দেখাবে।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন আভাস মিলেছে।
সংবাদ সম্মেলনে মেলার খুঁটিনাটি তথ্য তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর-রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন থাকবে। বিভিন্ন আইএসপিসহ ৮২টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। এসব স্টল ও প্যাভিলিয়নে নিজেদের সক্ষমতা উপস্থাপন করবেন ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশীজন প্রতিষ্ঠানগুলো। তারা প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক কেবলে ফোন লাইন, ইন্টারনেট ও টেলিভিশন সংযোগ), মোবাইল অ্যাপ, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও নতুন ডিজিটাল প্রযুক্তি সেখানে প্রদর্শন করবেন।
এছাড়াও
www.digitalbangladeshmela.org.bd ওয়েব লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে মেলা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মেলায় প্রবেশমুখেও রেজিস্ট্রেশন করার ব্যবস্থা থাকবে।
মেলার উদ্বোধনী পর্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকার জন্য ১৪টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। তিন দিনে বিভিন্ন সেশনে হবে ১৩টি সেমিনার। সরকারের মন্ত্রী এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বর্তমানের প্রযুক্তি ও আগামী দিনে প্রযুক্তির গন্তব্য নিয়ে সেসব সেশনে কথা বলবেন।